ঢাকাMonday , 9 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা করতে আসছে আইআইপিএস

Link Copied!

ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন এ প্ল্যাটফর্ম চালু হলে গ্রাহকরা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ লেনদেন করতে পারবেন।

#New_Classic_Event_Management

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আইআইপিএসের মূল লক্ষ্য হলো দেশের সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা। এর ফলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ পাঠাতে আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না। একই সঙ্গে ব্যক্তি পর্যায়ের লেনদেন, ব্যবসায়িক কার্যক্রম, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণ আরও সহজ হবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগদ টাকার ব্যবহার কমার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার আওতা বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকেও আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার সুযোগ তৈরি হবে।


গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন নিশ্চিত করার লক্ষ্যেই এ সফটওয়্যার তৈরি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই আইআইপিএসের মূল উদ্দেশ্য। এ ব্যবস্থা চালু হলে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজনীয়তা কমে আসবে।

তিনি বলেন, বর্তমানে গ্রাহকদের নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয়। আইআইপিএস চালু হলে এ সীমাবদ্ধতা থাকবে না। বরং যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করা সম্ভব হবে।

নতুন এ ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের আর্থিক কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

বিদ্যমান ব্যবস্থায় সীমাবদ্ধতা

দেশে আন্তঃপ্রতিষ্ঠান ডিজিটাল লেনদেনের অবকাঠামো গড়ে উঠলেও এখনো সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে।

তবে এ ব্যবস্থার আওতা মূলত অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে সীমাবদ্ধ। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করার ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়। একই সঙ্গে অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এ ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন। নতুন আইআইপিএসের মাধ্যমে এ সীমাবদ্ধতা কাটিয়ে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক সংযোগ স্থাপন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

রেমিট্যান্স পাঠানো ও বিতরণেও আসতে পারে পরিবর্তন

আইআইপিএসের সম্ভাব্য ব্যবহার শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেনেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত এবং তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হতে পারে।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে।

এ গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়াতে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

গবেষকদের মতে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে দেশে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। তবে আন্তঃসীমান্ত লেনদেন চালু করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।

সরকার ও ব্যবসায় খাতেও মিলবে সুবিধা

আইআইপিএস চালু হলে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও এর প্রভাব পড়বে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

সিরাজুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে। অন্যদিকে, ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানোর পাশাপাশি হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন।

এ ছাড়া সরকার বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তৃতি ঘটেছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, একটি অভিন্ন প্ল্যাটফর্ম চালু হলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে আরও সহজ, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে দেশের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আস্থার ওপর।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের জুলাইয়ে আইআইপিএস চালু করা সম্ভব হলে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হবে। এর মাধ্যমে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি