তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের সরকারি তুরস্ক সফর এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি আন্তালিয়ায় পৌঁছান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ হয়েছে।
এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের তুর্কি হাউসে এরদোগানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তুরস্কের প্রেসিডেন্ট।
এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রমে সহায়তা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার বিষয়গুলো সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন। বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করার দাবিও তুলে ধরা হবে। পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করবে বাংলাদেশ।
কপ-৩১ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
