বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অডিট আপত্তি ও আর্থিক ব্যবস্থাপনায় অসংগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও লাভজনক হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক উপস্থিত ছিলেন।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগের বৈঠকে দেওয়া নির্দেশনাগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, বিভিন্ন অডিট আপত্তি, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
বৈঠকে বিমানের আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার বিষয়েও তাগিদ দেওয়া হয়।
সংসদীয় কমিটি মনে করে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি দক্ষ, স্বচ্ছ ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হলে বিদ্যমান অনিয়ম ও দুর্বলতা দূর করার পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।
এ লক্ষ্যে বিমানের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং কার্যকর সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
