রাজধানীতে পৃথক দুটি ঘটনায় চলন্ত বাসে অগ্নিসংযোগ ও ছয়টি তাজা ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। ১০ নভেম্বর মঙ্গলবার রাতে শ্যামলীতে ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কয়েক ঘণ্টা আগে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ নভেম্বর মঙ্গলবার মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শ্যামলী শিশু মেলার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে চলন্ত বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ও সহকারী দ্রুত বেরিয়ে আসেন। যাত্রীরাও নিরাপদে বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির বড় একটি অংশ পুড়ে যায়। এ ঘটনায় মিরপুর সড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একই দিন দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড়ে একটি পরিত্যক্ত বস্তার ভেতর বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি-৩) অবহিত করেন।
খবর পেয়ে ব্যাটালিয়নের সদস্য ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। একপর্যায়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।
এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা জানতে গোয়েন্দা অনুসন্ধান চলছে। এ ঘটনায় শাহজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সন্দেহজনক বস্তা, ব্যাগ বা কার্টন পড়ে থাকতে দেখলে সেগুলোতে হাত না দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।
