যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অবসানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
গত আগস্টের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।
সর্বশেষ লেনদেনে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ২ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৮৬ ডলারে নেমে আসে।
বাজারসংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান নিয়ে আশাবাদ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য প্রশমন বিশ্ববাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে।
এদিকে, যুদ্ধ বন্ধের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানান, সংঘাত অবসানের পথে অগ্রগতি তৈরি হয়েছে। তবে প্রয়োজনে ভবিষ্যতে আরও হামলা চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক। ফলে যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে। তবে সংঘাতের ভবিষ্যৎ গতিপ্রকৃতি এবং সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করবে আগামী দিনে তেলের দামের ওঠানামা।
সূত্র: আল-জাজিরা
