জুলাই বিপ্লব কারও একক কৃতিত্ব নয়, বরং সবার অবদানের ফল—এমন মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, “কিছু গোষ্ঠী এককভাবে কৃতিত্ব দাবি করার চেষ্টা করছে। আমি নিজেও জুলাই আন্দোলনের একজন কর্মী হিসেবে যথাসাধ্য চেষ্টা করেছি। ঢাকার মতো রাজশাহী, রাজবাড়ীসহ দেশের সকল অঞ্চলের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই বিপ্লব সম্ভব হয়েছে। শিক্ষার্থী, রিকশাচালক, যুবক, বৃদ্ধ, নারী ও শিশুসহ সকলের অবদানই জুলাই আন্দোলনের শক্তি। আজ কিছু গোষ্ঠী একক কৃতিত্বের চেষ্টা করছে, যা এই বিপ্লবকে ছোট করে দেখানোর অপচেষ্টা।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “কিছু দল ভোটারদের সঙ্গে না গিয়ে পেশিশক্তি ও বিদেশি প্রভাবের মাধ্যমে ক্ষমতায় আসার নীলনকশা বাস্তবায়নে ব্যস্ত।”
তিনি জনগণকে ভোটাধিকারের প্রতি সচেতন হতে আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের পবিত্র আমানত ভোট যোগ্য প্রার্থীকে দেবেন। কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তা প্রতিহত করা আপনার নাগরিক কর্তব্য।”
এছাড়া, ভবিষ্যতে কোনো বাহ্যিক শক্তি বা এজেন্সি ব্যবহার করে ক্ষমতায় আসার চেষ্টা হলে, এই প্রজন্ম সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শহীদ হাদীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হাদীর জানাজার সময় প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত বক্তব্য দিয়েছেন, কিন্তু খুনিদের বিচারের কোনো কথা বলেননি। যারা শহীদ হাদীর বিচার চায় না, তাদের আমরা চাই না। শহীদ হাদীর রেখে যাওয়া কাজ আমরা ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব।”
রাজবাড়ীর পাংশায় ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলদের সঙ্গে আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন জাহিদুল ইসলাম। সমাবেশটি শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টায় কাজী আব্দুল মাজেদ একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
সমাবেশে পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং কালুখালী উপজেলা জামায়াতের আমীর আব্দুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল-বরাটি, রাজবাড়ী জেলা জামায়াতের আমীর ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন অর রশীদ, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু, রাজবাড়ী ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. রইচ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সহ-প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মধু, রাজবাড়ী জেলা সভাপতি মো. আবু তাহের, পাংশা পৌর জামায়াতের আমীর কাজী ফরহাদ জামিল, বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মো. আ. হাই-জোয়াদ্দার প্রমুখ।
এ সময় পাংশা উপজেলা ও পৌরসভা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।