“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসের শুরুতে মোংলা অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিতে যুব সংগঠক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. আ. মান্নান হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো. আহসান হাবিব হাসান, প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের মোংলা প্রতিনিধি মো. ওমর ফারুক, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম নুর জনি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমবায় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবির, সমাজসেবিকা উম্মে রাফিয়া জাহান মিশু, ইয়ুথ ফর সুন্দরবনের জান্নাত বৃষ্টি ও সমাজসেবিকা হিরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। যুবসমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে সরকার ফ্রিল্যান্সিং, ড্রাইভিং, পশুপালন ও মৎস্য চাষসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ প্রদান করছে।
বক্তারা আরও বলেন, চাকরির পেছনে না ছুটে যুবকদের নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। এর মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবক ও যুব নারীর হাতে প্রায় ৮ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
