

ঢাকার নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার প্রসার, মেধার স্বীকৃতি এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় নয়নশ্রী যুব কল্যাণ শক্তির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। জীবনে সফলতা অর্জন ও প্রতিষ্ঠিত হতে হলে অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের বিকল্প নেই।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে নতুন প্রজন্ম আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নয়নশ্রী যুব কল্যাণ শক্তির সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ।

আকাশ হোসেন ও উর্মিলা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর আলম, সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুজন, ইউপি সদস্য সালমা আক্তার, নয়নশ্রী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর শিকদার জয় এবং নয়নশ্রী যুব কল্যাণ শক্তির সাধারণ সম্পাদক মো. কবির আনোয়ার।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে অতিথিরা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এমন সম্মাননা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


