

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে এবং সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, অতীতে তাদের ছাড় ও সুযোগ দেওয়া হয়েছিল। তবে এখন থেকে বিএনপির নেতা-কর্মীরা এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ ও সজাগ থাকবেন। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে থাকবেন।

এ সময় পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



