

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-ভূড়াখালী সাবমার্সিবল সড়কের বিভিন্ন স্থানে আরসিসি ঢালাই ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সড়কের কালভার্টের স্টিলের কপাট ফাঁক হয়ে পড়ায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে যানবাহন ও পায়ে হেঁটে চলাচলকারী সাধারণ মানুষ, কৃষক এবং কৃষিপণ্য পরিবহনকারী যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের মধ্য দিয়ে বিস্তৃত এই চিলাউড়া-ভূড়াখালী সাবমার্সিবল সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। শুকনো মৌসুমে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূড়াখালী গ্রামসহ আশপাশের চার-পাঁচটি গ্রামের বিপুলসংখ্যক মানুষ এবং দিরাই উপজেলার পূর্বাঞ্চলের শত শত মানুষ জীবিকা ও বিভিন্ন প্রয়োজনে এ সড়ক দিয়ে যানবাহনে কিংবা পায়ে হেঁটে জগন্নাথপুর উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
এ ছাড়া বোরো মৌসুমে নলুয়ার হাওরের বিস্তীর্ণ কৃষিজমিতে চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ পরিবহন এবং বৈশাখ মাসে কৃষকের উৎপাদিত সোনালি ফসল বোরো ধান ঘরে তুলতে এ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির আরসিসি ঢালাই ভেঙে গেছে। বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কালভার্টের স্টিলের কপাট ফাঁক হয়ে যাওয়ায় চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অন্যদিকে, বর্ষা মৌসুমে সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষকে নৌপথে যাতায়াত করতে হয়। রোদ-বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করতে হয় তাদের।

এ বিষয়ে সড়কটি দিয়ে চলাচলকারী একাধিক ব্যক্তি, যানবাহন চালক ও কৃষকেরা জানান, শুকনো মৌসুমে বৃহৎ জনগোষ্ঠীর যাতায়াতের পাশাপাশি নলুয়ার হাওরের অধিকাংশ জমির চাষাবাদের উপকরণ পরিবহন এবং বোরো ধান কেটে ঘরে তুলতে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্তমানে সড়কটির অবস্থা এতটাই শোচনীয় যে, এটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিতে হচ্ছে।

তারা আরও বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব, কৃষি কার্যক্রম সচল রাখা এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন।
এলাকাবাসী ও ভুক্তভোগী জনসাধারণের দাবি, জনস্বার্থের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে চিলাউড়া-ভূড়াখালী সাবমার্সিবল সড়কের ক্ষতিগ্রস্ত অংশ এবং কালভার্টের স্টিলের কপাট দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট স্থানীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে এগিয়ে আসবে।


