

খড়্গপুরে ঢোকার আগেই চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার হাতিগোলা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। পাথরের আঘাতে ট্রেনের একটি কামরার জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস জকপুর স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। অভিযোগ, খড়্গপুর স্টেশনে প্রবেশের আগে হাতিগোলা ব্রিজের কাছে চলন্ত ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেই পাথরের আঘাতে ডি-৮ কামরার একটি জানালার কাচ ভেঙে যায়। এমনকি জানালার লোহার শিকও বেঁকে যায় বলে জানা গিয়েছে।
যাত্রীদের দাবি, পাথরের বড় বড় টুকরো জানালা ভেঙে কামরার ভিতরে এসে পড়ে। আচমকা এই ঘটনায় কামরার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় ট্রেনটি খড়্গপুর স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছিল। চলন্ত ট্রেনে এভাবে পাথর ছোড়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী কারণে এই হামলা চালানো হলো, কারা এর সঙ্গে জড়িত কিংবা হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা।

রেলপথে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে বারবার এ ধরনের পাথর ছোড়ার ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য রেল কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠছে।



