ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।
১৯ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চশিক্ষায়ও তাদের ভালো ফলাফল ধরে রাখতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানান।
ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের সভাপতিত্বে এবং নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ সানু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি ও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম এবং ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
