

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফ আলী (৫৭) হত্যার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে
সোমবার (২৩ নভেম্বর) এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর (বুধবার) ফুটানি মার্কেট এলাকায় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত আশরাফ আলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে আশরাফ আলীকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বাবার হত্যার বিচার চেয়ে নিহতের ছেলে ইয়াকুব আলী এনায়েতপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন বেপারীকে (৪০)। এছাড়া এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজুগড়া পাকরতলা গ্রামের খাজানুর রহমান (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামারগ্রামের কলেজপাড়া এলাকার সেলিম হোসেন (৩১), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনামিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) এবং গোপরেখী গ্রামের মো. ইয়াহিয়াকে (৩২) আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখিত আসামিদের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত আশরাফ আলী হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।


