ঢাকাTuesday , 24 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে সার্বক্ষণিক টহলে কোস্টগার্ড

Link Copied!

সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী বাগেরহাটের দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কোস্ট গার্ডের জাহাজ, বিশেষ টহল দল ও ডুবুরি দল।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ, (ট্যাজ) বিএন, অধিনায়ক বিসিজিএস তৌহিদ এ তথ্য জানান।

তিনি জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও দুবলার চরের রাস পূর্ণিমা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল নিয়োজিত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষণিক টহল পরিচালনার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বিশেষ অভিযান

সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। পাশাপাশি বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক ও ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে সুন্দরবনের ৭টি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জরুরি প্রয়োজনে যোগাযোগ ১৬১১১ নম্বরে

রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি