

ভারতীয় রেলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশনের প্রিন্সেপ ঘাট স্টেশনে উদ্বোধন করা হলো একটি বিশেষ হেরিটেজ আর্ট গ্যালারি।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফিতা কাটা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এই গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় রেলের সমৃদ্ধ ঐতিহ্য ও উত্তরাধিকারকে উদযাপন এবং সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব স্যাক্সেনা, পূর্ব রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত, অয়ন কুমার মল্লিকসহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিশেষ এই উদ্যোগের অংশ হিসেবে প্রিন্সেপ ঘাট স্টেশনে তৈরি করা হয়েছে ‘দ্য টাইম টেবিল: আ জার্নি থ্রু হেরিটেজ’ নামে একটি বিশেষ আর্ট গ্যালারি। এখানে ভারতীয় রেলের ইতিহাস, বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা, রেল পরিষেবার বিবর্তন এবং ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জন্য প্রতিদিন এই গ্যালারি খোলা থাকবে। ফলে কলকাতায় ঘুরতে আসা পর্যটক, শিক্ষার্থী ও ইতিহাসপ্রেমীরা খুব সহজেই রেলের সমৃদ্ধ অতীত সম্পর্কে জানতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রিন্সেপ ঘাট কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় স্থান। একদিকে হুগলি নদী ও বিদ্যাসাগর সেতু, অন্যদিকে বাবুঘাটসহ ঐতিহাসিক স্থাপনা—সব মিলিয়ে এই এলাকার রয়েছে স্বতন্ত্র সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব। প্রতিদিন বহু মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে ঘুরতে আসেন।
এমন একটি ঐতিহ্যবাহী স্থানে রেলের ইতিহাসকে কেন্দ্র করে এই গ্যালারি গড়ে তোলা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এর মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবেন, ভারতীয় রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা ও স্থাপনা কখন তৈরি হয়েছিল এবং কীভাবে সময়ের সঙ্গে রেলব্যবস্থার উন্নয়ন ঘটেছে।
রেলের অতীত ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্য সংরক্ষণেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক, অতিথি ও সকলকে ধন্যবাদ জানানো হয়।


