ঢাকাTuesday , 24 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারালেন কনস্টেবল আনোয়ার মোল্লা

Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনের মৃত্যুতে শোকের মাতম চলছে তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা হাবিবা। স্বামী হারিয়ে দুই সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রীও। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনোয়ারকে।

‘ওরা আমার কলিজায় আগুন ধরাই দিয়া আমার বাজানডারে মাইরা ফালাইছে রে। আমার স্বামী অনেক আগে মইরা গেছে। আমি আমার পাঁচ সন্তানরে কোলে-পিঠে কইরা মানুষ করছি। ওরে আল্লাহ রে, আমার বাজান কই গেল!’

এভাবেই সন্তানের নাম ধরে বুকফাটা আহাজারি করছেন নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনের মা হাবিবা। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন তিনি। স্বামীকে হারানোর পর পাঁচ সন্তানকে অনেক কষ্টে বড় করেছিলেন। সেই সন্তানদের একজনকে হারিয়ে এখন শোকে পাথর হয়ে গেছেন এই মা।


রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন (৩২)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের মৃত যতন মোল্লার ছেলে। প্রায় ৯ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। সর্বশেষ নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ। ছয় বছরের শিশু আনিকা বারবার জানতে চাইছে, ‘মা, বাবা কখন আসবে?’ অন্যদিকে দুই সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্ত্রী আনিসা। নিষ্পাপ শিশুরা এখনো বুঝতে পারেনি, তাদের বাবা আর কোনো দিন ফিরে আসবেন না।

নিহতের বোন সেলিনা আক্তার বলেন, ‘আমার ভাই গতকাল রোববারও আমার সঙ্গে কথা বলেছে। সে জানিয়েছিল, মঙ্গলবার বাড়িতে আসবে। কারণ তার ছোট ছেলে আব্রাহামের জন্মদিন। অথচ মঙ্গলবার নয়, তার আগেই সোমবার বাড়িতে ফিরছে, তবে জীবিত নয়—লাশ হয়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আমাদের সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তারকে নিয়ে সন্দেহ রয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে।’

নিহতের স্ত্রী আনিসা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার আট বছরের সুখের সংসার। আমার ছোট ছোট দুটি সন্তান, এখন ওদের কে দেখবে? আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আমার স্বামীর রাতে ডিউটি ছিল না। তাহলে এএসআই সাত্তার কেন তাকে সঙ্গে করে নিয়ে গেলেন? আর কেনই বা তিনি আমার স্বামীকে ফেলে রেখে চলে এলেন? আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।’

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে বের হয়েছিলেন কনস্টেবল আনোয়ার। ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের মুখোমুখি হলে হামলাকারীদের ধাওয়া খেয়ে তার সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। তবে দুর্বৃত্তরা আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

একদিকে স্বামী হারিয়ে স্ত্রী ও দুই শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে সন্তান হারিয়ে মায়ের বুকফাটা আহাজারি—সব মিলিয়ে নবাবগঞ্জের দত্তখণ্ড গ্রামে বিরাজ করছে শোকের পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি