

শেনঝৌ-২৪ অভিযানে অংশ নিয়ে ইতিহাস গড়লেন মুহাম্মদ জিশান আলী। চীনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে গবেষণায় অংশ নেবেন তিনি।
চীনের মহাকাশ অভিযান শেনঝৌ-২৪-এর মাধ্যমে প্রথমবারের মতো মহাকাশে গেলেন পাকিস্তানের এক নভোচারী। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিন নভোচারীকে নিয়ে তিয়াংগং মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করে চীনের মহাকাশযানটি।
প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নভোচারীরা চীনের তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছান। এই অভিযানে পাকিস্তানের মুহাম্মদ জিশান আলীর সঙ্গে রয়েছেন চীনের দুই নভোচারী তাঙ হঙবো ও উ ই।
অভিযানে অংশ নেওয়ার আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনীর সাবেক পাইলট মুহাম্মদ জিশান আলী বলেন, চীনা নভোচারী দলের সদস্য হতে পেরে তিনি গর্বিত। পাকিস্তানের প্রায় ২৫ কোটি মানুষের প্রত্যাশা সঙ্গে নিয়েই মহাকাশে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

২০২৫ সালে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে স্বাক্ষরিত মহাকাশ সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই অভিযানে যুক্ত হয়েছেন জিশান আলী। মিশনে তিনি পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এ ঘটনাকে দেশের জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই অভিযানে অংশগ্রহণের মধ্য দিয়ে চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।


মহাকাশে কী কী গবেষণা করবেন নভোচারীরা?
শেনঝৌ-২৪ অভিযানের নভোচারীরা তিয়াংগং মহাকাশ কেন্দ্রে অবস্থানকালে পরিবেশ, জীববিজ্ঞান ও মহাকাশ চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা করবেন।
বিশেষ করে মহাকাশের পরিবেশ মানবদেহের ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এর মধ্যে রয়েছে মানুষের রক্তনালির বার্ধক্যপ্রক্রিয়ায় মহাকাশের প্রভাব পর্যবেক্ষণ।
পাকিস্তানি নভোচারী জিশান আলী ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ এবং কুইনোয়া বীজের ওপর মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটির প্রভাব নিয়ে গবেষণা করবেন।
প্রায় এক সপ্তাহের সংক্ষিপ্ত মহাকাশ সফর শেষে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে। অন্যদিকে, চীনা নভোচারী তাঙ হঙবো ও উ ই তিয়াংগং মহাকাশ কেন্দ্রে ছয় মাস অবস্থান করবেন। সেখানে তাঁদের সঙ্গে থাকবেন শেনঝৌ-২৩ অভিযানের সদস্য ঝু ইয়াংঝু।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানবদেহ কীভাবে পরিবর্তিত হয় এবং মহাকাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়, তা নিয়ে গবেষণা করছেন ঝু ইয়াংঝু।
মহাকাশ অভিযানে চীনের লক্ষ্য কী?
মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করছে চীন। ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। এর আগে ২০২৪ সালে চাঁদের দূরবর্তী অংশে মনুষ্যবিহীন মহাকাশযান পাঠিয়ে নতুন ইতিহাস গড়েছিল বেইজিং।
বর্তমানে পৃথিবীর কক্ষপথে কার্যকর দুটি মহাকাশ স্টেশন রয়েছে। এর একটি হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস), যেখানে রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশ যুক্ত রয়েছে। অন্যটি চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তিয়াংগং মহাকাশ স্টেশন, যা ২০২২ সাল থেকে পুরোপুরি সচল।
বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরে গেলে মহাকাশ গবেষণায় চীনের প্রভাব আরও বাড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মহাকাশ কর্মসূচির বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বেইজিং।

পাকিস্তানের জন্য কেন গুরুত্বপূর্ণ এই অভিযান?
মহাকাশ গবেষণায় পাকিস্তানের অংশগ্রহণ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এখনো মানুষকে মহাকাশে পাঠানোর মতো নিজস্ব মহাকাশযান নেই পাকিস্তানের। ফলে এ ধরনের অভিযানে অংশ নিতে দেশটিকে চীনের প্রযুক্তি ও সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে।
এখন পর্যন্ত বিশ্বের ৫০টি দেশের নাগরিক মহাকাশে যাওয়ার সুযোগ পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াই এখন পর্যন্ত নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশযান ব্যবহার করে মানুষকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে।
শেনঝৌ-২৪ অভিযানের জন্য নভোচারী নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে ছিলেন পাকিস্তানের জিশান আলী ও খুররাম দাউদ। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নিয়েছেন এবং চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মহাকাশ গবেষণাসংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিয়েছেন। শেষ পর্যন্ত জিশান আলীকেই চূড়ান্তভাবে অভিযানের জন্য নির্বাচিত করে চীন।
এই অভিযানের মধ্য দিয়ে শুধু পাকিস্তানের মহাকাশ ইতিহাসেই নতুন অধ্যায় যুক্ত হলো না, বরং আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় চীন-পাকিস্তান সহযোগিতার ক্ষেত্রও আরও বিস্তৃত হলো।


