কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সফর
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্ক সফরে গেছেন সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এই সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
এ ছাড়া সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের উদ্যোগ
সরকারি সফরের অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে কপ৩১ সম্মেলন। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে।
