স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর দেশসেরা পারফরম্যান্স অর্জন করেছেন রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাহিন রেজা। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় চ্যানেল এস-এর প্রধান কার্যালয়ে নতুন বছরের শুরুতে দিনব্যাপী প্রতিনিধি কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রথম পর্বে জেলা ও উপজেলা পর্যায়ের মোট ৩৬ জন প্রতিনিধি অংশ নেন। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ, কাজের মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বাড়াতে প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন চ্যানেল এস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন প্রশিক্ষণমূলক আয়োজনের জন্য অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রশিক্ষণ শেষে প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য দেন চ্যানেল এস-এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না, ভাইস চেয়ারম্যান মুনাওয়ার হোসেন মঈনুল এবং পরিচালক (এডমিন) আবু আল সিরাজীসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জের পেশা। সংবাদ পরিবেশনে তথ্যের সঠিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ভালো কাজের জন্য চ্যানেল এস সবসময় সাংবাদিকদের পাশে থাকবে এবং ভয়ভীতি না পেয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে চ্যানেল এস-এর সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাহিন রেজাকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সকল প্রতিনিধির হাতে নতুন পরিচয়পত্র তুলে দেওয়া হয়।