

নবাবগঞ্জ ও দোহারে সড়ক উন্নয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রোগীদের বেডসেট বিতরণসহ আটটি কর্মসূচি
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক আগামীকাল বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের মুসলিমহাটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। সকাল সাড়ে ১১টায় আগলা ইউনিয়নের কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ডিভাইডার স্থাপন করবেন।
দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সংসদ সদস্য। এরপর দুপুর সাড়ে ১২টায় মাঝিকান্দা ড্রেন নির্মাণকাজের শুভ সূচনা এবং দুপুর ১টায় চরলটাখোলা রাস্তার উন্নয়নকাজের শুভ সূচনা করবেন তিনি।

এদিকে, দুপুর দেড়টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে রোগীদের জন্য অতিরিক্ত বেডসেট হস্তান্তর করবেন খন্দকার আবু আশফাক।

দিনের পরবর্তী কর্মসূচিতে বিকেল ৩টায় মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভায় যোগ দেবেন তিনি।

সবশেষে বিকেল ৫টায় দোহার পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে সংসদ সদস্যের।
ঢাকা-১ মিডিয়া সেলের আহ্বায়ক খন্দকার মাহমুদ আরশীন স্বাক্ষরিত কর্মসূচির সূচিতে এসব তথ্য জানানো হয়েছে।


