ঢাকাThursday , 19 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

উত্তাল সাগর সেন্টমার্টিনে আটকে দেড় হাজার পর্যটক

ডেস্ক রিপোর্ট
November 19, 2026 10:57 pm
Link Copied!

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। প্রতিকূল আবহাওয়ার কারণে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। দিনভর বৃষ্টিতে আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হলেও ভোগান্তিতে পড়েন নগরবাসী ও পথচারীরা। এদিন রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে খুলনার কয়রায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, আগামী সোমবার সকাল পর্যন্ত সারা দেশে বৃষ্টির প্রবণতা থাকবে। এরপর বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে।

উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার কিলোমিটার, মোংলা থেকে ৯১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান গণমাধ্যমকে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় জাহাজ চলাচল শুরু করা হবে।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, ১৭ ও ১৮ নভেম্বর সেন্টমার্টিনে যাওয়া প্রায় ১ হাজার ৫০০ পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়ার উন্নতি হলে তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

সেন্টমার্টিন শিপ টিকিটের সীফাত আমার দেশকে বলেন, প্রায় ১ হাজার ৩০০ পর্যটক সেন্টমার্টিনে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ২০০ থেকে ৩০০ জন ফিরে এসেছেন। বৃহস্পতিবার যাঁদের ভ্রমণের টিকিট ছিল, তাঁরা পরবর্তী সময়ে একই টিকিট ব্যবহার করতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পাঁচ দিনের সময়সীমার পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত খুলনার জনজীবন

এদিকে আমার দেশ খুলনা ব্যুরো অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে খুলনায় দিনভর বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের অনুভূতি।

আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকে। কর্মজীবী, শিক্ষার্থী, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষের জীবিকায় এর বিরূপ প্রভাব পড়েছে।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি