বয়স যে স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না, তারই অনন্য উদাহরণ যুক্তরাষ্ট্রের ৯৬ বছর বয়সী জয় রায়ান। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট হাতে পাওয়ার পর নাতিকে সঙ্গে নিয়ে মাত্র পাঁচ বছরে ঘুরে দেখেছেন বিশ্বের সাত মহাদেশ। সম্প্রতি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের মধ্য দিয়ে পূরণ হয়েছে তার দীর্ঘদিনের স্বপ্ন।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা জয় রায়ান, যিনি ‘গ্র্যান্ডমা জয়’ নামে পরিচিত, এই অসাধারণ ভ্রমণ করেছেন তার ৪৫ বছর বয়সী নাতি ব্র্যাড রায়ানের সঙ্গে। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, কয়েক বছর আগে শুরু হওয়া তাদের এই যাত্রা শেষ পর্যন্ত ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ ও দর্শনীয় স্থানে।
গত সেপ্টেম্বর থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করেন জয় ও ব্র্যাড। এর মধ্য দিয়ে সাত মহাদেশ ভ্রমণের লক্ষ্য পূরণ হয় তাদের। অস্ট্রেলিয়াই ছিল এই তালিকার শেষ গন্তব্য।
অস্ট্রেলিয়ার সৌন্দর্যে মুগ্ধ জয়। দেশটিকে সুন্দর উল্লেখ করে তিনি বলেন, সেখানকার কোয়ালাগুলো তার কাছে খুবই সুন্দর লেগেছে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে গর্বিত বলেও জানান তিনি।
১০ বছরের বিচ্ছেদের পর নতুন করে পথচলা
এই ভ্রমণ শুধু নতুন দেশ ও দর্শনীয় স্থান দেখার অভিজ্ঞতাই দেয়নি, বরং দাদি ও নাতির সম্পর্কেও এনেছে নতুন মাত্রা। একসময় টানা ১০ বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।
২০১৫ সালের শরৎকালে দাদি জয়ের সঙ্গে আবার যোগাযোগ করেন ব্র্যাড। তিনি জানতে চান, জয় তার সঙ্গে গ্রেট স্মোকি মাউন্টেনসে ক্যাম্পিংয়ে যেতে আগ্রহী কি না। ব্র্যাড জানতেন, তার দাদি এর আগে কখনো পাহাড় দেখেননি। তাই তাকে নতুন জায়গা দেখানোর পাশাপাশি ভিন্ন অভিজ্ঞতার সুযোগ করে দিতে চেয়েছিলেন তিনি।
সেই ছোট্ট উদ্যোগ থেকেই শুরু হয় তাদের একসঙ্গে ভ্রমণের গল্প। ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যান ঘুরে দেখেন তারা। ২০২৩ সালের মে মাসে দেশটির ৬৩তম ও সর্বশেষ জাতীয় উদ্যানটিও ভ্রমণ করেন দাদি-নাতি।
জাতীয় উদ্যান থেকে সাত মহাদেশে
যুক্তরাষ্ট্রের সব জাতীয় উদ্যান ঘোরা শেষ হওয়ার পর তাদের ভ্রমণের পরিধি আরও বাড়তে থাকে। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পাওয়ার পর আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ তৈরি হয় জয়ের সামনে।
এরপর কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে দেখেন তারা। কেনিয়ায় হাতির দেখা পেয়েছেন, আয়ারল্যান্ডে ঘুরেছেন ঐতিহাসিক দুর্গ। আর সাম্প্রতিক থাইল্যান্ড সফরে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন মন্দিরও পরিদর্শন করেছেন।
ভ্রমণে বদলে গেছে জীবনের দৃষ্টিভঙ্গি
এই দীর্ঘ ভ্রমণ শুধু জয়কেই নতুন অভিজ্ঞতা দেয়নি, বদলে দিয়েছে ব্র্যাডের জীবন দেখার দৃষ্টিভঙ্গিও।
ব্র্যাড জানান, থাইল্যান্ডে এক তরুণ বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে কথোপকথন তাকে মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে সাহায্য করেছে। অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতায় আটকে না থেকে মানুষ কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে, সেই বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, এই ভ্রমণ জীবনের আগের কঠিন অভিজ্ঞতাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং সুখের নতুন অধ্যায় শুরু করতে তাকে সহায়তা করেছে।
৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট হাতে নিয়ে ৯৬ বছর বয়সে সাত মহাদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ—জয় রায়ানের এই গল্প যেন মনে করিয়ে দেয়, নতুন করে শুরু করার কোনো নির্দিষ্ট বয়স নেই।
সূত্র: এনডিটিভি ও পিপল ম্যাগাজিন
