ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইছামতীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ – দর্শকদের উপচেপড়া ভিড়

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার (১৬ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় মাঝিদের ‘হেইও হেইও’ ধ্বনি, বৈঠার ছন্দ আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। উৎসবমুখর এ আয়োজন দেখতে নদীর তীরে ভিড় করেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ।

#New_Classic_Event_Management

তেলেঙ্গা, আগলা, মাইলাইল ও কৈলাইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ছোট-বড় মোট ১০টি নৌকা অংশ নেয়। বিকেল ৩টায় কোমরগঞ্জ-বাহ্রা সেতু এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে তেলেঙ্গায় গিয়ে শেষ হয়।

নৌকাবাইচকে কেন্দ্র করে দুপুর থেকেই ইছামতী নদীর দুই পাড়ে দর্শনার্থীদের সমাগম ঘটতে থাকে। রঙিন সাজে সজ্জিত নৌকা, মাঝিদের জারি-সারি গান এবং বৈঠার তালে নদীবক্ষে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। দূর-দূরান্ত থেকে মানুষ হেঁটে, মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশায় করে প্রতিযোগিতা দেখতে আসেন। অনেকে আবার ট্রলার ও ছোট নৌকায় চড়েও উপভোগ করেন এ আয়োজন।


নৌকাগুলো একে অপরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে বাড়তে থাকে উচ্ছ্বাস। অনেকেই আনন্দঘন মুহূর্তগুলো মুঠোফোনে ধারণ করেন।

শোল্লা ইউনিয়ন থেকে আসা দর্শক আলম হোসেন বলেন, ‘দুই বছর পর এ রকম নৌকাবাইচ দেখলাম। অনেক মানুষ এসেছে। মাঝিদের বৈঠার সঙ্গে হেইও হেইও তালে বাইচ দেখতে দারুণ লাগছে।’

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জুম্মন আলী। তিনি বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব। এ ছাড়া মো. ইউসুফ কোম্পানি, শিরাজ মিয়া কোম্পানি, করম আলী কোম্পানিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতাটি পরিচালনা করেন লিটন ভূঁইয়া।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামবাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতি ধরে রাখারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি