শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মানসিক বিকাশ এবং শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা নিয়ে ঢাকার দোহার উপজেলার সাদাপুর প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে ‘শিক্ষার উন্নয়নে মায়েদের ভূমিকা’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ রুবেল তালুকদার।
বক্তব্যে মোহাম্মদ রুবেল তালুকদার শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, মানসিক বিকাশ এবং সঠিকভাবে লালন-পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শিশুদের মতো করেই তাদের বেড়ে উঠতে দিতে হবে। কারণ ওরা স্বাধীন; ওদের মনে সরলতা ছাড়া আর কিছুই নেই। তাই শিশুদের সঙ্গে মিশতে হবে শিশুদের মতো করেই। মানসিক ও শারীরিক চাপ কোনোভাবেই শিশুদের বেড়ে ওঠার জন্য সহায়ক নয়।’
মায়েদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যে শিশুকে চোখ দিয়ে শাসন করতে পারবেন, তাকে কখনোই অন্য কোনোভাবে শাসনের প্রয়োজন হয় না।’
এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানসিক বিকাশে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক সালমা বেগম সমাবেশে বিপুলসংখ্যক মায়ের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘রুবেল তালুকদার শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং শিশুদের বিকাশে মায়েদের ভূমিকা নিয়ে যে গঠনমূলক পরামর্শ দিয়েছেন, তা আমাদের সবার জন্য উপকারী হবে। এ ধরনের মা সমাবেশ মায়েদের দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও পাঠদান ও শিক্ষার মানোন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা করবে।’
সমাবেশে বক্তারা বলেন, শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। বিশেষ করে মায়ের সচেতনতা, যত্ন ও আন্তরিকতা শিশুর শিক্ষাজীবন, মানসিক বিকাশ এবং নৈতিক মূল্যবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের পড়াশোনা ও সার্বিক বিকাশের প্রতি যত্নবান হতে হবে।
বক্তারা আরও বলেন, মা সমাবেশের মতো আয়োজনের মাধ্যমে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ে। এর ফলে শিশুদের শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা সহজ হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। মায়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
