আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার প্রত্যয় নিয়ে ঢাকার দোহার উপজেলায় যাত্রা শুরু করেছে ‘জেনিথ ইন্টারন্যাশনাল স্কুল’। গতানুগতিক পাঠ্যবইনির্ভর শিক্ষার বাইরে গিয়ে হাতে-কলমে শিক্ষা, নৈতিকতা, মূল্যবোধ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটির ওরিয়েন্টেশন ক্লাস ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানায়, গত ১ অক্টোবর থেকে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১ জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় দক্ষিণ জয়পাড়ায়, নুরু মিয়ার ব্রিজ সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়। পাশাপাশি তাদের নৈতিকতা, মূল্যবোধ, সৃজনশীলতা ও মানসিক বিকাশের প্রতিও বিশেষ গুরুত্ব দিতে হবে।
শিক্ষাব্যবস্থায় থাকছে বিশেষ আয়োজন
জেনিথ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটিতে হাতে-কলমে বা প্র্যাকটিক্যাল শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়েও বিভিন্ন বিষয় শিখতে পারবে।
প্রতিষ্ঠানটিতে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ও আরবি শিক্ষার ওপর সমান গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়েই প্রয়োজনীয় বাড়তি পরিচর্যা ও পাঠদানের ব্যবস্থা রাখা হবে, যাতে আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন কমে আসে।
এ ছাড়া রয়েছে স্বতন্ত্র আরবি বিভাগ। হাফেজে কোরআনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পবিত্র কোরআন ও দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সম্পৃক্ত করতে প্রতি মাসে এক থেকে দুইবার প্যারেন্টিং সেশনের আয়োজন করা হবে। এসব সেশনের মাধ্যমে সন্তানদের পড়াশোনা, আচরণ, মানসিক বিকাশ ও পারিবারিক পরিচর্যা বিষয়ে অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
শিশুর প্রতিভা বিকাশে গুরুত্ব
অভিভাবকদের উদ্দেশে স্কুল কর্তৃপক্ষ জানায়, ‘প্রতিটি শিশুই প্রতিভাবান। আমাদের দায়িত্ব হলো তাদের ভেতরের সুপ্ত মেধা বিকশিত করে আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা মায়ের মতো স্নেহ দিয়ে খেলার ছলে তাদের পাঠদান করব।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পাঠদান, সৃজনশীলতা বিকাশ এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য।
দোহার অঞ্চলে মানসম্মত ও পরিপূর্ণ শিক্ষার সুযোগ সম্প্রসারণে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা।
