রমজানের পবিত্র মাস মুসলমানদের জন্য ইবাদত, আত্মশুদ্ধি ও ত্যাগের বিশেষ সময়। এই মাসের সঙ্গে ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি জড়িয়ে আছে। তার মধ্যে অন্যতম হলো ঐতিহাসিক বদর দিবস। হিজরির দ্বিতীয় সনের ১৭ রমজানে মদিনা থেকে প্রায় সত্তর মাইল দূরের বদর নামক স্থানে সত্য ও মিথ্যার এক গুরুত্বপূর্ণ সংঘর্ষ ঘটে, যা বদরের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ কেবল সামরিক বিজয় নয়; বরং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস, ত্যাগ এবং ন্যায়ের পক্ষে অবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।
মানবতার পথপ্রদর্শক প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি এই যুদ্ধে অংশ নেন। তাদের অনেকেই ছিল প্রায় নিরস্ত্র এবং যুদ্ধের সরঞ্জামও ছিল খুবই সীমিত। অন্যদিকে কুরাইশদের পক্ষ থেকে আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার সুসজ্জিত ও প্রশিক্ষিত সৈন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। বাহ্যিক শক্তি ও সামরিক প্রস্তুতির দিক থেকে এটি ছিল অসম এক যুদ্ধ।
কিন্তু মানুষের হিসাবের বাইরে রয়েছে মহান আল্লাহর অশেষ শক্তি। বদরের ময়দানে সেই শক্তিরই এক অনন্য প্রকাশ ঘটে। আল্লাহতায়ালা তাঁর ওপর ভরসা রাখা ছোট কিন্তু ইমানদীপ্ত দলটিকে বিজয় দান করেন। এভাবে বদরের প্রান্তরে ন্যায় ও অন্যায়ের এক নতুন ইতিহাস রচিত হয়, যা যুগ যুগ ধরে মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে।
যুদ্ধের আগে আল্লাহর রাসুল (সা.) গভীর আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন—
“হে আল্লাহ! তুমি যদি চাও পৃথিবীতে তোমার ইবাদতকারী কেউ না থাকুক, তবে এ ছোট দলটিকে ধ্বংস হতে দাও।”
মহান আল্লাহ তাঁর প্রিয় নবীর সেই দোয়া কবুল করেন। কুরাইশদের অহংকার ভেঙে দেন এবং প্রমাণ করেন যে বাহ্যিক উপকরণই সব নয়; প্রকৃত শক্তি হলো ইমান ও আল্লাহর ওপর নির্ভরতা।
বদরের যুদ্ধে কুরাইশদের প্রায় সত্তর জন নিহত হয় এবং আরও সত্তর জন বন্দি হয়। অন্যদিকে মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র চৌদ্দ জন সাহাবি। যুদ্ধের এই ফলাফল মানুষের কল্পনারও বাইরে ছিল। এটি ছিল আল্লাহর অসীম কুদরতের প্রমাণ—তিনি চাইলে অল্পসংখ্যক মানুষ দিয়েও বড় শক্তিকে পরাজিত করতে পারেন।
মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে আল্লাহতায়ালা অত্যাচারিত মুসলমানদের আত্মরক্ষার জন্য যুদ্ধের অনুমতি দেন। তখন হজরত জিবরাইল (আ.) কুরআনের আয়াত নিয়ে আসেন—
“যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের ওপর অত্যাচার করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। তাদের নিজেদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল শুধু এ কারণে যে তারা বলত, আমাদের প্রভু আল্লাহ।” (সুরা হজ)
এই নির্দেশনার ভিত্তিতেই রাসুলুল্লাহ (সা.) বদরের যুদ্ধের প্রস্তুতি নেন। সেই যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় বিজয়ের সূচনা করে এবং সত্যের পথে সংগ্রামরত মানুষের জন্য স্থায়ী অনুপ্রেরণা হয়ে থাকে।
প্রতি বছর ১৭ রমজান এলে বিশ্ব মুসলিম গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে স্মরণ করে বদরের সেই ঐতিহাসিক বিজয় এবং শহীদ সাহাবিদের ত্যাগ। তাদের জীবন আমাদের শেখায়—সংখ্যা বা শক্তি নয়, বরং সত্যের পথে অটল থাকা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাই প্রকৃত বিজয়ের মূল চাবিকাঠি।
আসুন, বদর দিবসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা ইসলামের শান্তি, সাম্য, সম্প্রীতি ও মানবকল্যাণের আদর্শ হৃদয়ে ধারণ করি। অশান্ত পৃথিবীকে ন্যায়, সহমর্মিতা ও মানবতার আলোয় আলোকিত করতে নতুন করে অঙ্গীকার করি।