

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। ভারত থেকে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে দেশে ফেরার দিন হিসেবে নির্ধারণ করেছেন তিনি। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতেই নতুন পাসপোর্টসহ দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

তবে গত রোববার রয়টার্সকে দেওয়া বক্তব্যে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বিষয়টি ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি তাঁর প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়া এবং সরকারের অবস্থান নিয়েও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।


