ঢাকার দোহার উপজেলায় স্ত্রীর মৃত্যুর এক মাসের মাথায় আবুল কালাম আজাদ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কালাম আজাদ রাধানগর গ্রামের ওয়াহাব মাদবরের ছেলে।
দোহার থানার এসআই প্রসাদ কুমার চাকী সোমবার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টার পর স্বজনরা বাড়ির একটি কক্ষ থেকে আবুল কালাম আজাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে দুপুর দেড়টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৮ আগস্ট আবুল কালাম আজাদের স্ত্রী ফরিদা বেগমেরও মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর এক মাসের মধ্যে আবুল কালাম আজাদেরও মৃত্যু হলো।
নিহত দম্পতির পাঁচ মেয়ে সন্তান রয়েছে। তাদের মধ্যে একজনের বিয়ে হয়েছে। পরিবারের আর্থিক সংকট ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
