ঢাকাSunday , 27 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা নদী বাঁচানোর আহ্বানে বিশ্ব নদী দিবস পালন

Link Copied!

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে এবং নদীর গুরুত্ব তুলে ধরে প্রতীকী কাগজের রঙিন নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন করেছে শিশুরা। এ উপলক্ষে নদী ও জেলে জীবন সুরক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়।

#New_Classic_Event_Management

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মোংলার নারিকেলতলা নদীপাড়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উত্তরণ ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল নদী ও জেলে জীবন সুরক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান, আলোচনা সভা, র‍্যালি, মানববন্ধন, নদীতে গণগোসল, সাঁতার প্রতিযোগিতা ও হাঁস ধরা প্রতিযোগিতা। এবারের বিশ্ব নদী দিবসের প্রতিপাদ্য ছিল— “বন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে পানি বাঁচবে, পানি বাঁচলে জীবন বাঁচবে।”


রোববার সকাল সাড়ে ১০টায় “নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই” শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

আলোচনা সভায় বক্তব্য দেন উত্তরণের ফিসনেট প্রকল্প, খুলনার অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মণ্ডল ও আব্দুর রশিদ হাওলাদার, উত্তরণের মনিটরিং অফিসার মো. আনোয়ার হোসেন, মোংলা এরিয়া ম্যানেজার মো. মোখলেছুর রহমান, ইয়ুথ ফর সুন্দরবনের সোহেল রানা, মোহাম্মদ শাহীন খলিফাসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে পরিবেশকর্মী মো. নূর আলম শেখ বলেন, নদী-প্রকৃতি, জল, জঙ্গল ও জমির উর্বরতা রক্ষায় “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে। তাঁর দাবি, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ছাই, গরম পানি ও কয়লাজনিত দূষণ সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদী-খালের জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করছে। নদী ও জেলে জীবন, মৎস্যসম্পদ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর ঘটানোর আহ্বান জানান তিনি।

উত্তরণের ফিসনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান বলেন, আদালতের রায়ে নদীকে জীবন্ত সত্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। নদী রক্ষায় সব ধরনের দখল ও দূষণ বন্ধ করতে হবে। পাশাপাশি অবৈধ মৎস্য আহরণ বন্ধে সংশ্লিষ্টদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

জেলে সমিতির নেতা আব্দুর রশিদ বলেন, শিল্প ও কয়লাজনিত দূষণের কবল থেকে সুন্দরবনের প্রাণ পশুর নদীসহ সুন্দরবন অঞ্চলের নদী, খাল ও জলাশয় রক্ষা করতে হবে।

পরিবেশকর্মী রাফিয়া জাহান মিশু বলেন, নদীপাড়ের মানুষ ভালো থাকলে নদীও ভালো থাকবে। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নদী রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা ও মানববন্ধনের আগে শিশুরা নদীর প্রতি ভালোবাসা জানাতে মোংলা নদীতে ফুল ছিটিয়ে দেয়। একই সঙ্গে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতীকী কাগজের রঙিন নৌকা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরে মোংলা নদীতে গণগোসল, সাঁতার প্রতিযোগিতা ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় নদী ও জেলে জীবন সুরক্ষার দাবিতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর কাছে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি