জাতীয় নির্বাচনসহ দেশের সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচনসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)সহ অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি একটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেকাংশে স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভর করে। তবে অতীতে অনেক অপেশাদার ব্যক্তি এবং রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিকের পরিচয়ে কার্ড নিয়েছেন। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য একটি স্বচ্ছ প্রক্রিয়া প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নেওয়া উদ্যোগের মাধ্যমে পেশাদার সাংবাদিকেরা যাতে কার্ড পান এবং সাংবাদিকেরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।