ভারত ও জিম্বাবুয়ের কাছে হেরে অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন ছিটকে যাওয়ার পথে পাকিস্তান। টুইটারে ইতিমধ্যে পাকিস্তানকে খোঁচা মেরেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন ডাম্বুডজো। এবার চিরশত্রু ভারত থেকেও এমন খোঁচা খেল পাকিস্তান। খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি রজার বিনি বললেন, পাকিস্তানের সেমিতে ওঠা কঠিন।
বিশ্বকাপে বাবর আজমদের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়েও সরব হয়েছেন সে দেশের সাবেক ক্রিকেটাররা। এই আবহের মাঝেই এক সাক্ষাৎকারে রজার বিনি বলেছেন, ‘আমার মনে হয়, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পাকিস্তানের কাজটা খুবই কঠিন। ওদের সেমিফাইনালে ওঠার রাস্তা মোটেও সহজ নয়। ’ বাবরদের সামনে সামান্য খারাপ ক্রিকেট খেলারও কোনো সুযোগ নেই। ভারতীয় বোর্ড সভাপতির মন্তব্য, পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগতেই পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো খাতা-কলমে ছোট দলগুলোর সাফল্য খুশি করেছে রজার বিনিকে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বলেছেন, ‘ছোট দলগুলো উঠে আসছে। এটা দারুণ ব্যাপার। টি-টোয়েন্টি বিশ্বকাপে জ়িম্বাবুয়ে, আয়ারল্যান্ড নিজেদের প্রমাণ করেছে। ছোট দল বলে এখন আর কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যেকোনো দলকেই ওরা সহজে হারাতে পারে। ’