বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলতে আজারবাইজান গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া।
‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল-২০২৬’-এ অংশগ্রহণের লক্ষ্যে গত ২১ অক্টোবর জাতীয় ফুটবল দলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ইতোমধ্যে দলটির সঙ্গে আজারবাইজানে পৌঁছেছেন রাজু।
রাজু আহমদ ভূঁইয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (লম্বা হাটি) গ্রামের বাসিন্দা গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। আক্রমণভাগের এই প্রতিশ্রুতিশীল ফুটবলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
রাজুর এই অর্জনে গর্বিত তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীরা। স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দনূর বলেন, “রাজু যখন সপ্তম শ্রেণিতে পড়ত, তখন আমি তার খেলা দেখি। এরপর থেকেই পড়াশোনার পাশাপাশি তাকে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করি এবং সহযোগিতা করি। তার আজকের এই অর্জনে আমরা গর্বিত। দোয়া করি, সে যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে।”
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান বলেন, “রাজু আহমদ ভূঁইয়া শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা নিয়ে কঠোর পরিশ্রম করে আসছে। তার পরিশ্রম ও সাধনার মধ্য দিয়ে আজ স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে সে। হাওরপারের সন্তান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে যাওয়া আমাদের সুনামগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।”
এদিকে, রাজুর আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার খবরে জগন্নাথপুরসহ পুরো সুনামগঞ্জ জেলায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। স্থানীয় ফুটবলপ্রেমী ও সচেতন মহলের প্রত্যাশা, নিজের প্রতিভা ও নৈপুণ্য দিয়ে রাজু দেশের সুনাম বয়ে আনবে এবং ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
হাওরপারের প্রত্যন্ত জনপদ থেকে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার এই সুযোগ রাজুর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি জগন্নাথপুরের তরুণ ফুটবলারদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন এলাকাবাসী।
