বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেস বোলার অ্যালান ডোনাল্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন। আসছে সাউথ আফ্রিকা সফর থেকেই টাইগার দলের সঙ্গে যোগ দেবেন ডোনাল্ড।
সবশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা পেসার ওটিস গিবসন। গত জানুয়ারিতে তার দুই বছরের চুক্তি শেষ হয়।
দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যালান ডোনাল্ড ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি পেস বোলার হিসেবে টেস্টে ৩৩০টি ও ওয়ানডেতে ২৭২টি উইকেট শিকার করেছেন। এক সময় অ্যালান ডোনাল্ড আইসিসি টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ বোলার ছিলেন হিসেবে পরিচিতি লাভ করেন।
ক্রিকেট থেকে অবসর নিয়ে ধারাভাষ্যকার হিসেবে প্রশংসিত ডোনাল্ড খেলা ছাড়ার পর কোচিংকে নেন পেশা হিসেবে। ২০০৭ সালে তিনি ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন বোলিং পরামর্শকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এর আগে তিনি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড দলকে কোচিং করিয়েছেন।
প্রোটিয়া এই সাবেক তারকা টাইগারদের সঙ্গে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবেন।