ঢাকাThursday , 26 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ

Link Copied!

আগামী ১ ডিসেম্বর মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে নানা প্রস্তুতি নিচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বন্দর এলাকায় সাজসজ্জা, আলোকসজ্জা, ব্যানার-ফেস্টুন স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে।

দিবসটি সামনে রেখে বন্দরের কর্মকর্তা-কর্মচারী, বন্দর ব্যবহারকারী, আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী ও স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট বিভাগগুলো প্রস্তুতি ও সমন্বয়ের কাজে ব্যস্ত সময় পার করছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন কবির জানান, এ বছর মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্দর দিবস স্বল্প পরিসরে উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় আয়োজন ও আনুষঙ্গিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।


১৯৫০ সালের ১ ডিসেম্বর তৎকালীন চালনা বন্দর হিসেবে মোংলা বন্দরের যাত্রা শুরু হয়। প্রথমে খুলনার চালনা এলাকায় বন্দরের কার্যক্রম পরিচালিত হলেও ভৌগোলিক ও নাব্যতাসংক্রান্ত কারণে ১৯৫৩ সালে তা বর্তমান বাগেরহাটের মোংলা এলাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ ৭৬ বছরের পথপরিক্রমায় বন্দরটি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ভূমিকা দিন দিন বিস্তৃত হচ্ছে। খাদ্যশস্য, সার, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, কয়লা, পাথর, তেল, এলপিজি, যন্ত্রপাতি ও বিভিন্ন শিল্পপণ্য আমদানির পাশাপাশি হিমায়িত মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দরটি। বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এ বন্দর।

বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ। প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড স্থাপন এবং ৪৯টি আধুনিক যন্ত্রপাতি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো ও আধুনিক সরঞ্জাম যুক্ত হলে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মোংলা বন্দরের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি আনুষ্ঠানিক উদ্‌যাপন নয়; বরং দীর্ঘদিনের অর্জন পর্যালোচনা, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

৭৬ বছরের পথচলায় মোংলা বন্দর দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে যে অবদান রেখে চলেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সেই অর্জন ও সম্ভাবনাকে নতুন করে সামনে নিয়ে আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি