

খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি রসুল গাজীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার জাবুসা ইউনিয়নের চক্রাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রসুল গাজী (২৬) খুলনার রূপসা উপজেলার বাগমারা হাজীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আজাহার গাজীর ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি খুলনার বি কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এছাড়া লবণচরার আলোচিত খুশি আক্তার হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি।
এসআরবি ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সোমবার বিকেলে চক্রাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে রসুল গাজীকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে ভিকটিম খুশি আক্তার (২৪) তাঁর স্বামী সুমন সরদারকে সঙ্গে নিয়ে লবণচরা থানার জিন্নাহপাড়া মেইন রোডের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে রসুল গাজীসহ মামলার অন্যান্য আসামি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে সুমন সরদারকে গালিগালাজ করতে থাকে।

এ সময় খুশি আক্তার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন হাসি খাতুন বাদী হয়ে খুলনার লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রসুল গাজীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।


