বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। বুধবার (২৮ অক্টোবর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর মিডিয়া উইং সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১টা ৩০ মিনিটে এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মোংলা থানাধীন বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), পারভেজ (২১), ময়না (২৪) ও ফাতেমা (৩০)। তাঁরা সবাই মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রম কল্যাণ রোড, বালুরমাঠ এলাকার বাসিন্দা।
অভিযানকালে উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের উদ্ধার করা গাঁজাসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।
এসআরবি-৬-এর মিডিয়া উইং আরও জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
