ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আরবদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডানপন্থী দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান শারেন হাস্কেল।
দেশটির ফিলিস্তিনি সংখ্যালঘু নাগরিকদের ব্যাপক ভোটদানের জন্য অতি-ডানপন্থী নেতাদের দায়ী করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হাস্কেল অতি-ডানপন্থী নেতা বেন-গ্যভির ও সমোত্রিচের সমালোচনা করেন।
তাঁর অভিযোগ, তাঁদের কর্মকাণ্ডের কারণেই ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকেরা ‘জায়নবাদবিরোধী’ দলগুলোকে বিপুলসংখ্যায় ভোট দিয়েছেন।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে একত্র করে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন হাস্কেল। তাঁর প্রস্তাবিত সরকারে কোনো আরব প্রতিনিধি কিংবা আরবদের সমর্থিত রাজনৈতিক দল থাকবে না।
ইসরাইলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স ইহুদিদের যোগদানের বাধ্যবাধকতা স্থগিত করার প্রস্তাবিত আইনের প্রতিবাদে গত জুলাইয়ে উপপররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন হাস্কেল। এরপর তিনি ‘ইসরাইল ফার্স্ট’ নামে নতুন দল গঠন করেন।
হাস্কেলের প্রতিষ্ঠিত দলটি আরব ও অতি-অর্থোডক্স ইহুদি—উভয় গোষ্ঠীকে বাদ দিয়ে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ জায়নবাদী সরকার গঠনের পক্ষে প্রচার চালিয়ে আসছে।
ইসরাইলের পার্লামেন্টে আসন পেতে কোনো দলকে অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়। জনমত জরিপে হাস্কেলের দল এই ন্যূনতম সীমার নিচে থাকলেও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছেন তিনি।
হাস্কেল জানিয়েছেন, যে নীতির পক্ষে তিনি লড়াই করছেন, তা নিয়ে আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি গর্বিত তিনি।
সূত্র: আল-জাজিরা
