ঢাকার নবাবগঞ্জে ভোররাতে শুভ্র তালুকদার (২৭) নামে এক যুবককে লাঠিসোঁটা দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার চন্দ্রখোলা নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
আহত শুভ্র তালুকদার উপজেলার চন্দ্রখোলা এলাকার কার্তিক তালুকদারের ছেলে।
শুভ্রর অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পাশে পূজার অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ধন্য কবিরাজের নেতৃত্বে ৭ থেকে ৮ জন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা আগে থেকেই লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান করছিলেন। তাঁরা শুভ্রকে মারধর করলে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
শুভ্রর বড় ভাই বাসুদেব তালুকদার জানান, প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুভ্র ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
তাঁর ধারণা, নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কারণেই এ হামলার ঘটনা ঘটেছে।
নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুবায়ের হোসেন থানায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
