সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু মাহি আহমদের মরদেহ দুই দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত শিশু মাহি আহমদ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের বাসিন্দা আক্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাহি আহমদ তার বোনের সঙ্গে স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
খবর পেয়ে সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে ওই সময় শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে নিখোঁজের দুই দিন পর রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারসংলগ্ন খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকায় ইটাখলা নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
