মহান মে দিবস উপলক্ষে বৃহত্তর ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সভায় সভাপতির বক্তব্যে রিজভী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দুর্দিনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি দাবি করেন, দলের শীর্ষ নেতৃত্ব সবকিছু পর্যবেক্ষণ করছেন এবং সময়মতো যথাযথ মূল্যায়ন করা হবে।
পাশাপাশি তিনি উন্নয়ন ও পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী ১ মে মহান শ্রমিক দিবস উদযাপনকে সফল করতে দলের সকল ইউনিটকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, দলকে সুসংগঠিত করে তারেক রহমান-এর নেতৃত্বে একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যেতে হবে।
একই সঙ্গে পহেলা মে শ্রমিক দিবস যথাযথভাবে পালনের মাধ্যমে শ্রমজীবী মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।