খেলাফত মজলিস-এর মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলা গ্রহণযোগ্য নয়। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা কোনো আন্তর্জাতিক নিয়মের মধ্যেই পড়ে না। এ হামলায় বহু নারী, শিশু ও সাধারণ মানুষ নিহত হয়েছেন। তিনি শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইরানের পক্ষে দাঁড়ানোর এবং মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টিকারী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষা হলো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সব আগ্রাসনের মোকাবিলা করে সফল হতে হবে।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের নতুন সরকার জুলাই সনদ ও গণভোট ইস্যুতে অপরাজনীতি শুরু করতে চায়। আদালতকে ব্যবহার করে গণভোটকে বিতর্কিত করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না বলেও সতর্ক করেন। গণভোটের ফল বাতিলের রিটে সরকারের সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি। জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, গণভোটে বড় ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। তাই জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিল উত্থাপন করা উচিত। দেশে আর ফ্যাসিবাদী শাসন দেখতে চান না বলেও জানান তিনি।
ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন, ঢাকার মহানগরী দক্ষিণ শাখার আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।
মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো. আবদুল জলিল।
মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ, মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, এবি পার্টির মহানগরী সদস্য সচিব বারজাক নাসির আহমদ, ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, মহানগরী দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ছাত্র মজলিস মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সহপ্রশিক্ষণ সম্পাদক ড. মারুফ বিল্লাহ ও মুহাদ্দিস শাহাদাত হোসাইন প্রমুখ।