‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে আগামী শনিবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাজধানীর ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হয়। এতে উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত। এ সময় কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, সাদিয়া ফারজানা দিনা, লুৎফর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিল হবে। এতে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা, বন্ধু ও সাংবাদিকেরা অংশ নেবেন।
অনুষ্ঠানে একটি চিত্রপ্রদর্শনী থাকবে। পাশাপাশি গত এক বছরে দলের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরে ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে, যার নাম ‘স্ট্রিট ওয়াল’। সেখানে একটি ফটো বুথও থাকবে। আয়োজন শুরু হবে ২৮ ফেব্রুয়ারি বিকেল চারটায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর এবং ৩ মার্চ কুমিল্লায় এসব কর্মসূচি হবে। এতে দলের নেতা, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ইফতার আয়োজন করা হবে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সক্রিয় ছিল।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে এনসিপি ৩০টি আসনে প্রার্থী দেয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। এক বছরে আলোচিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি।