ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন আলোচনায় রয়েছে সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতোমধ্যে সরাসরি ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা শপথ নিয়েছেন। এখন রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে।
সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের অধিকাংশই পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এ আসনে কারা মনোনয়ন পাবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংরক্ষিত আসনের বিষয়টি সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনগণের সঙ্গে ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্তদেরই প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের নির্ধারিত নিয়ম ও মেয়াদ অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। যেসব প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো সমন্বয় করে যথাসময়ে নির্বাচন দেওয়া হবে এবং এ নির্বাচনকে গুরুত্ব দেওয়া হবে।
বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, দলটির কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ থাকায় বিষয়টি সেই আলোকে দেখা হবে।