জাইমা রহমান তার বাবা তারেক রহমান সম্পর্কে ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে আবেগঘন একটি লেখা প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই পোস্টটি শেয়ার করেন।
লেখায় জাইমা রহমান বলেন, ছোটবেলায় অনেকেরই মনে হয় তাদের বাবারা সবকিছুতেই সেরা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক বাবা-ই সন্তানের জীবনের প্রথম ও প্রধান আদর্শ হয়ে ওঠেন। তার ভাষ্য অনুযায়ী, তার বাবা তার দেখা সবচেয়ে পরিশ্রমী ও একনিষ্ঠ মানুষ। জীবনের যেকোনো পরিস্থিতিতে তিনি একমাত্র তার বাবার ওপর নির্ভর করতে পারেন বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি তার বাবার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে বর্তমান অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, দেশের মানুষ শিগগিরই তার এই বিশেষ গুণাবলি প্রত্যক্ষ করবে। তার বিশ্বাস, এসব গুণই তাকে ভবিষ্যতে দেশের একজন প্রকৃত প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।