ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিয়োগ পেয়েছেন উপনেতা হিসেবে। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হয়েছেন চিফ হুইপ।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা ২৩ মিনিটে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর ১২টা ২৭ মিনিটে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।
জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই শপথ পাঠ করান। দুপুর ১টার দিকে এনসিপির নির্বাচিত প্রার্থীরাও শপথ নেন।
শপথের পর জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা সভায় অংশ নেন। সভায় বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়, যা জুবায়ের নিশ্চিত করেছেন।