প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই সংসদ ভবন এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। জুমার নামাজের পর বিএনপি সমর্থিত নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের সদস্যরা সভাস্থলে উপস্থিত হন। বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও এতে যোগ দেন।
শোকসভাস্থলে প্রবেশের জন্য আয়োজকদের নির্ধারিত পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়। দক্ষিণ প্লাজার প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিএনপির নির্ধারিত স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। শুধু আমন্ত্রিত অতিথিদের কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। নির্ধারিত কার্ড ছাড়া কোনো গাড়ি, এমনকি গণমাধ্যমের গাড়িও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
এর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে অধ্যাপক মাহবুব উল্লাহ জানান, শোকসভার গাম্ভীর্য বজায় রাখতে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তারা দর্শকসারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মঞ্চে কেবল বিশিষ্ট পেশাজীবী, গবেষক, ধর্মীয় প্রতিনিধি এবং দেশের খ্যাতিমান ব্যক্তিরা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন।
নাগরিক সমাজ এই আয়োজনকে কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং শ্রদ্ধা নিবেদন ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান হিসেবে উল্লেখ করেছে। এ কারণে অংশগ্রহণকারীদের সেলফি না তোলা, হাততালি না দেওয়া এবং দাঁড়িয়ে না থাকার নির্দেশনা দেওয়া হয়।