ঢাকা জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব–২০২৫ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজ। রাজধানীর ২০টি ও জেলায় আরও ৪টি—মোট ২৪টি কলেজকে পিছনে ফেলে তারা ফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে শিরোপা নিশ্চিত করে।
৩০ নভেম্বর ২০২৫ মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাভারের ঐতিহ্যবাহী কিশোরী লাল জুবিলী স্কুল অ্যান্ড কলেজকে ৫–০ গোলে হারিয়ে শুরুতেই দারুণ ছন্দে আসে দলটি। আক্রমণভাগ ও দলীয় সমন্বয়—দুই দিকেই ছিল তাদের স্পষ্ট এগিয়ে থাকা।
পরে কোয়ার্টার ফাইনালে ধামরাইয়ের আফাজউদ্দিন কলেজকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পদ্মা সরকারি কলেজ।
৭ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে দলের ফরোয়ার্ড আব্দুর রহমান অসাধারণ পারফরম্যান্স দেখান। তার হ্যাটট্রিক এবং জাহিদুলের আরও একটি গোল মিলিয়ে বনানী বিদ্যানিকেতনকে ৪–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দলটি।
৮ ডিসেম্বরের ফাইনালে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২–২ গোলে সমতায় থাকায় ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানেও ঠাণ্ডা মাথায় খেলে ৪–৩ গোলের জয়ে শিরোপা ধরে ফেলে পদ্মা সরকারি কলেজ।
এই সাফল্যের জন্য খেলোয়াড়, ফুটবল কোচ মোঃ মাসুদ রানা, টিম ম্যানেজার সেলিম হোসেনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ মোঃ জালাল হোসেন।