বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন বলে দলীয় সূত্র জানিয়েছে। পূর্ব পরিকল্পনা বদলে জরুরিভিত্তিতে দেশে আসার সম্ভাবনা জোরালো হলেও এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন, যা বিএনপি নেতা–কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। লন্ডনে থাকা তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ডা. জুবাইদা মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে নিয়মিত চিকিৎসা–সংক্রান্ত রিপোর্ট পাচ্ছেন। এদিকে পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে অবস্থান করছেন।
শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফায় হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ খবর নেন। বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা রাতভর হাসপাতালে ভিড় করেন এবং খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে চেষ্টা করেন। এই পরিস্থিতিতে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে জানা গেছে।
ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। সে অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা আগে থেকেই ছিল তারেক রহমানের। নিরাপত্তা, বাসভবন সংস্কার ও অফিস প্রস্তুতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে।
তবে খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতা তাঁর আগাম দেশে ফেরার পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করতে পারে বলে শীর্ষ নেতারা মনে করছেন।