বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য বজায় থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের” মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলেও দেশবিরোধী দেশি-বিদেশি চক্রান্ত এখনো চলমান।
১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. শামসুল আলম খান মিলন নিহত হন। তাঁর এই আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে এবং স্বৈরশাসনের পতনের পথ তৈরি করে।
শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, মিলনের আত্মদান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল। তিনি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ডা. মিলনের ত্যাগ ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগ সবসময় অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, নিজের রক্ত দিয়ে মিলন গণতন্ত্রের বিজয় এনেছিলেন। তাঁর আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরশাসনের পতন ঘটে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছিল।