জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সমান প্রতিযোগিতার পরিবেশ দেখতে পাচ্ছেন না।
রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এনসিপি আহ্বায়ক বলেন, “নির্বাচনে যেভাবে সমান সুযোগের পরিবেশ থাকার কথা, তা দেখতে পাচ্ছি না। অনেক আগে থেকেই আমরা এটি বলে আসছি। বাংলাদেশের নির্বাচনি সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ব্যবহার, শক্তি প্রদর্শন— এসব বহুদিন ধরে চলছে। ফ্যাসিবাদের সময় তো মানুষ ভোটই দিতে পারেনি। তাই এবার নির্বাচন যেন স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে হয়— এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই তরুণ, স্বপ্নবান ও দেশপ্রেমী মানুষ সংসদে আসুক।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে দৃঢ় অবস্থান দরকার, আমরা তা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলছে কীভাবে প্রশাসন দখলে রাখা হবে।”
‘জুলাই সনদ’কে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “এই প্রক্রিয়ার কারণে দেশের রাজনৈতিক দলগুলো মুখোমুখি দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে। তারা নির্বাচনকে ভাগাভাগির বা সাজানো নির্বাচনে পরিণত করতে চাইছে। এমন নির্বাচন হলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”
শেষে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য ও প্রতিশ্রুতি নিয়ে এগোচ্ছে। এই নির্বাচনে অংশ নিতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। তাদের সমর্থনেই এনসিপি আজকের অবস্থানে এসেছে, এবং তাদের বিশ্বাসই আমাদের সামনে এগিয়ে নেবে।”